কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে তার প্রার্থী হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পর আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নিজের মনোনয়নপত্র ফিরে পাওয়ার আবেদন জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। যদিও এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।
পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলের শুনানি শেষে ইসি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়, যা বহাল রাখলেন হাইকোর্ট।
মন্তব্য করুন