এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আকস্মিকভাবে জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে ১১ দলীয় আসনভিত্তিক সমঝোতার এই জোট ১০ দলে নেমে আসে। তবে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ লেবার পার্টির একাত্মতার ঘোষণার মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম লেবার পার্টির জোটভুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
এটিএম মা’ছুম বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে দেশপ্রেমিক ও চিন্তাশীল সব রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিয়েছে, যা জোটের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আধিপত্যবাদবিরোধী ও দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা এতে অংশ নেন।
মন্তব্য করুন