শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।
ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর আন্দোলনকারীরা সেখানে সমবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা—শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়, ‘শতাধিক আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ।’
পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, আপাতত কোনো জমায়েত না করতে। বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন