রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে জড়ো হওয়া হাজারো মানুষের ভিড়ের মধ্যেও আলাদাভাবে নজরে পড়েন তারা। পাকা ধানে মোড়ানো এই দুই কর্মী হলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাদের অভিনব সাজ দেখে অনেকেই ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। এ সময় তারা দুজনই বারবার ‘লাগ রে লাগা, ধান লাগা’ স্লোগান দিতে থাকেন।
মীরসরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি তৌহিদ্দোজা তাদের সঙ্গে সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি জানান, ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। বিএনপির বড় কর্মসূচিগুলোতে প্রায়ই এই দুই কর্মীকে এমন ব্যতিক্রমী রূপে অংশ নিতে দেখা যায় বলে জানান তিনি।
দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর ও জনসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে পায়ে হেঁটে ও মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় সমাবেশস্থল ও আশপাশের এলাকা। সাতকানিয়া থেকে আসা এক কর্মী আমির হোসেন বলেন, বহু বছর ধরে তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলেন, আজ সেই প্রত্যাশা পূরণ হচ্ছে।
দলীয় সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি নগরীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান নেন। রোববার সকালে তরুণদের সঙ্গে নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার পর তিনি পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে যোগ দেন। সফর শেষে তার ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকা রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে।
মন্তব্য করুন