শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হর্ষবর্ধন শ্রিংলা দাবি করেন, অতীতে জামায়াতে ইসলামী কখনোই অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না।
তিনি বলেন, নির্বাচনে যদি অনিয়ম ও কারচুপি হয়, তবেই জামায়াতের ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। অন্যথায় তাদের ভোটের ভিত্তি খুবই দুর্বল। তার মতে, জামায়াতের ভোট সাধারণত পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে এই সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ভারত সবসময়ই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি তেমন অনুকূল পরিবেশ দেখছেন না বলেও মন্তব্য করেন। তার মতে, আদৌ নির্বাচন হবে কিনা, কিংবা হলেও কী ধরনের পরিবেশে হবে—এসব নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ রয়েছে।
এছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, রাজনৈতিক স্বার্থে কিছু মানুষকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে, যা সমস্যার সৃষ্টি করছে। এই প্রবণতা বন্ধ করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তার দাবি, অনুপ্রবেশ ইস্যু সমাধান হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন আরও গতিশীল করা সম্ভব হবে।
মন্তব্য করুন