বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাঠে যাদের তিনটি ভোটও নেই, তারাই বড় গলায় নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র ২৩ দিন বাকি। অথচ এখন কেউ কেউ বলছেন—নির্বাচন হবে না, বাধা দেব, করতে দেব না। খোঁজ নিয়ে দেখলে বোঝা যাবে, তাদের তিনটি ভোটও নেই। অথচ তারাই বড় গলায় বলছে, নির্বাচন হতে দেবে না।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং নির্বাচন চায়। “আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের চায়, আমরা সরকার গঠন করব। আর যদি না চায়, তাহলে বিরোধী দলে থাকব। এটাই গণতন্ত্র,” বলেন তিনি।
আগেভাগে নির্বাচন নিয়ে হুমকি-ধমকির কোনো প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করে এবং জনগণের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ করে।
মন্তব্য করুন