পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ বা বৈষম্যের স্থান থাকবে না। তিনি বলেন, গণভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুপ্রদীপ চাকমা।
তিনি আরও বলেন, কেউ যেন ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, নতুন প্রজন্ম যেন পড়াশোনায় অগ্রাধিকার পায়, এবং সমাজে সম্প্রীতি বজায় থাকে—এই লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে। ভোটারদের তিনি নিরপেক্ষভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় তিনি লিফলেট ও ব্যানার-ফেস্টুনে উল্লেখিত দাবিগুলো তুলে ধরে বলেন, একজন ব্যক্তি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংসদের উচ্চকক্ষ গঠন ও ক্ষমতার ভারসাম্য রক্ষা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, বিরোধী দলের গুরুত্বপূর্ণ পদ ও সংসদীয় কমিটির নেতৃত্ব নিশ্চিতকরণ, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রাখা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার স্বীকৃতি এবং সাংবাদিকদের স্বীকৃতি—এসব বিষয় গণভোটের অধীনে অন্তর্ভুক্ত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গ্রাম পুলিশ ও সুধীজনরা সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন