দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানকে বরণ করে নিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা মাঠ পরিদর্শনসহ সার্বিক ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি রাখছেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
জনসভাকে ঘিরে পুরো কুমিল্লা নগরী যেন উৎসবের রূপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দায়িত্বশীল নেতাদের দাবি, সুয়াগাজীর এই সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটতে পারে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
সুয়াগাজী ফুলতলী মাঠের দক্ষিণ পাশে প্রায় ৫০ ফুট প্রস্থ ও ৭৫ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে একসঙ্গে কয়েকশ নেতার বসার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের চারপাশে একাধিক স্তরের বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, তারা আশাবাদী এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তারেক রহমানের এই সফর কেবল কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্য সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন