শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে নির্বাচনি প্রচারণা শুরুর আগে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোট অন্য দল চাইলে সমস্যা নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলে ‘দোসর’ তকমা দেওয়া হচ্ছে—যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ও ছাত্র-সমন্বয়কদের ভূমিকা নিয়ে নানা বক্তব্য এসেছে, যার পরিপ্রেক্ষিতে বাস্তবে জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তী সরকার মিলেই দেশ পরিচালনা করছে এবং তাদের অধীনেই নির্বাচন হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, বর্তমান প্রক্রিয়ায় জনগণের স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই। ‘হ্যাঁ’ ভোট দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ‘না’ ভোট দিলে স্বৈরাচারের দোসর বলা হচ্ছে—এটি কোনোভাবেই নিরপেক্ষ গণভোট নয়। তিনি দাবি করেন, সংবিধানসম্মত না হওয়ায় এই গণভোট অবৈধ এবং এতে সরকারি অর্থ ব্যয়ও বেআইনি।
তিনি সতর্ক করে বলেন, প্রভাব বিস্তার, হুমকি ও কারচুপির মাধ্যমে যদি গণভোটের ফল নির্ধারণ করা হয়, জাতীয় পার্টি তা মেনে নেবে না। এ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সংসদের ভূমিকা খর্ব করে একচ্ছত্র ক্ষমতা কায়েমের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে জিএম কাদের নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
মন্তব্য করুন