আগামীকাল শনিবার পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই বড় ধরনের দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির তারকা পেসার জশ হ্যাজলউড।
শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। সে কারণে তিনি সবশেষ অ্যাশেজ সিরিজেও খেলতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়ায় ফেরার পথে নতুন করে একিলিসে চোটে পড়েন এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোট কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি।
এর আগেই পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। হ্যাজলউডের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন এই অভিজ্ঞ পেসার। সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। চোটে পড়ার আগে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কারও।
এমন একজন নির্ভরযোগ্য বোলারকে ছাড়াই বিশ্বকাপের লড়াইয়ে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে, যা দলটির বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কামিন্সের পরিবর্তে ইতোমধ্যে বেন দারসুইশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলউডের চোট নিয়ে শঙ্কা থাকায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল শন অ্যাবটকে। তবে আপাতত তাকে মূল দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড এ প্রসঙ্গে বলেন, ‘এই মুহূর্তে কোনো ক্রিকেটারের বদলি নেওয়া হচ্ছে না। প্রাথমিক পর্বের ম্যাচগুলোর জন্য আমাদের পর্যাপ্ত বিকল্প রয়েছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে বদলি ক্রিকেটার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’
মন্তব্য করুন