ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা—শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’
সংগঠন সূত্রে জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে বলে অভিযোগ করা হয়। সংঘর্ষের একপর্যায়ে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও এক পোস্টে জানানো হয়, ‘শতাধিক আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ।’
পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, আপাতত কোনো ধরনের জমায়েত না করতে। বার্তায় আরও বলা হয়, ‘আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন