বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কড়াইলবাসীর জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেছেন, মা-বোনদের স্বাবলম্বী করা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। “আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এই ব্যবস্থাগুলো বাস্তবায়ন করব,” বলেন তিনি।
কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমান বলেন, “আমার যেমন সন্তান আছে, আপনারা তো সবাই জানেন আপনার সন্তান আছে। আমরা চাই করাইলের সন্তানরা বিদেশি ভাষায় কথা বলতে শিখুক এবং উন্নত চিকিৎসাসেবা পাক।” এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার আবাসন সমস্যা প্রসঙ্গে তিনি জানান, সবাই যেন থাকার সুযোগ পায়, সেজন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
নিজের অতীত স্মৃতিচারণ করে তিনি জানান, একসময় ক্যান্টনমেন্ট এলাকায় তার বাড়ি ছিল, যা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের কষ্ট অনুভব করেন এবং কড়াইলবাসীর কল্যাণে কাজ করতে চান।
তারেক রহমান মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ যদি রহম করেন এবং আপনারা দোয়া করেন, তাহলে আমরা এসব কাজ বাস্তবায়ন করতে পারব।”
মন্তব্য করুন