রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১–দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সরকারের সমালোচনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, যাঁরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি দূর করার কথা বলেন, তাঁরাই আবার ৫৯ জন ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণ আর ‘বস্তাপচা’ রাজনীতি দেখতে চায় না; তারা নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে চায়।
আগামী ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ওইদিন জনগণ চাঁদাবাজ, দখলদার ও আধিপত্যবাদীদের ‘গোলামদের’ লাল কার্ড দেখাবে। তিনি আরও বলেন, একসময় ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর এখন বিভিন্ন ধরনের কার্ডের আশ্বাস দেওয়া হচ্ছে—এসবই ভুয়া প্রতিশ্রুতি।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অপরাধীদের কোনো দায়মুক্তি দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তাঁর ভাষায়, “মিথ্যা আশ্বাস নয়, বাংলাদেশের মানুষের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত।”
তিনি জানান, জামায়াত নির্বাচিত হলে ১১–দলীয় জোটের এমপি ও মন্ত্রীরা জনগণের সামনে তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, এবারের নির্বাচন দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের রায়েই সেই পরিবর্তনের দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে তাঁরা মন্তব্য করেন।
মন্তব্য করুন