চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার ইশান মালিঙ্গা। তার পরিবর্তে অভিজ্ঞ পেসার প্রমোদ মাদুশানকে দলে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কাঁধে গুরুতর চোট পান ইশান মালিঙ্গা। সেই চোট থেকেই সেরে না ওঠায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হলো তাকে। তার জায়গায় দলে আসা প্রমোদ মাদুশান এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৩টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
মালিঙ্গার পরিবর্তে মাদুশানের অন্তর্ভুক্তি নিয়ম অনুযায়ী হলেও, পুরো বিশ্বকাপ স্কোয়াড ঘিরে শ্রীলঙ্কার সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা।
বিশেষ করে মাহিশ থিকশানা ও কুশল পেরেরার অন্তর্ভুক্তি এবং ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও জেফরি ভেন্ডারসের মতো ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। তাদের অভিযোগ, নির্বাচকরা সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে বড় নামকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের অবমূল্যায়ন করা হয়েছে।
এই অসন্তোষের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট বিশ্বকাপ’ ক্যাম্পেইন শুরু করেছেন লঙ্কান ভক্তরা। এতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভাও তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
বিশ্বকাপের শুরুতেই ইনজুরি ধাক্কা ও দল নির্বাচন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা যে সহজ হবে না, তা বলছেন বিশ্লেষকরাও।
মন্তব্য করুন