ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াইয়ে একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী হলেও ভোটের মাঠের উত্তাপ ছাপিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন দুই প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তাঁর বাসভবনে গিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম।
এর আগে দুপুরে মেঘনা আলমের নির্বাচনি প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করেছেন মেঘনা আলম। তবে ভোটের ঠিক আগমুহূর্তে এই সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের কথা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।
মির্জা আব্বাসের বাসভবনে যাওয়ার পর মেঘনা আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশ হাসিখুশি অবস্থায় দেখা গেছে।
নির্বাচনি প্রচারের ব্যস্ত সময়ে দুই প্রার্থীর এমন বৈঠককে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই বৈঠকের পেছনে কোনো কৌশলগত সমঝোতা বা রাজনৈতিক বার্তা থাকতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।
মন্তব্য করুন