সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জার্মানির লুফথানসা, নেদারল্যান্ডসের কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয়। এর ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবগামী ফ্লাইটগুলোতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে নির্দিষ্ট কয়েক দিনে দুবাইগামী তাদের ফ্লাইট পরিচালনা করা হবে না। অন্যদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম এবং ইসরায়েলের তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে তারা জানায়, নিরাপত্তার স্বার্থে ইরান, ইরাক ও ইসরায়েলসহ গালফ অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে চলা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাতে পারে—এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ার কানাডাও ইসরায়েলে তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে তা সহিংস আকার ধারণ করে। সে সময় বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগ ওঠে ইরানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এরপর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে সতর্ক করে আসছেন। তার হুঁশিয়ারি ছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ না হলে যুক্তরাষ্ট্র হামলার পথ বেছে নিতে পারে। যদিও গত সপ্তাহে হামলার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত মিলেছিল, সাম্প্রতিক মন্তব্যে আবারও সামরিক পদক্ষেপের আশঙ্কা জোরালো হয়েছে।
মন্তব্য করুন