মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী।
পিএসসি সূত্র জানায়, বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ, যাতে প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমে। সেই লক্ষ্য অনুযায়ী আধুনিক ওএমআর প্রযুক্তি ব্যবহার করে নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন করে ফল প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত দেশসেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করছে বলে জানানো হয়।
পিএসসি জানায়, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে—৬৫০টি পদে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারসহ অন্যান্য ক্যাডারেও উল্লেখযোগ্যসংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট (bpsc.gov.bd) থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
মন্তব্য করুন