মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কায়সার নামে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খামারের মালিক আবু হেনা কায়সার বলেন, “আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ওয়াহেদপুর ইউনিয়নে দুই বছর ধরে ছাগলের খামার পরিচালনা করছি। খামারের দেখভালের জন্য কর্মচারী রয়েছে। গত রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামারে এসে ধারালো অস্ত্রের মুখে এক কর্মচারীকে জিম্মি করে। পরে খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে যায়।”
তিনি জানান, লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেওয়া হবে।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, “কর্মচারীকে বেঁধে একটি খামার থেকে কিছু ছাগল লুটের ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভিডিও স্টোরি
ফটো স্টোরি