ট্রাফিক জ্যামের কারণে সময়মতো পুলিশ পৌঁছাতে না পারায় ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ঠেকানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “ডেইলি স্টার ও প্রথম আলোতে গভীর রাতে যে হামলার ঘটনা ঘটেছে, সে সময় তীব্র ট্রাফিক জ্যামের কারণে আমি সেখানে দ্রুত আমার অফিসারদের পাঠাতে পারিনি। এর ফলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
সংবাদ সম্মেলনে যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীদের প্রবেশচেষ্টার সময় পুলিশের কঠোর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “যখন সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ভেতরে ঢোকার চেষ্টা হয়, তখন ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কি?”
তিনি আরও বলেন, “আমি শুধু নিজে ঘটনাস্থলে যাইনি, আইজিপিকেও ফোন করে বলেছি—‘ভাই, আমি একা পারতেছি না। ইউ শুড কাম অ্যান্ড হেল্প মি।’ উনি আসার আগেই আমরা আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হই।”
ডিএমপি কমিশনার জানান, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
মন্তব্য করুন