বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন। পরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। একই দিনে দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম কবর জিয়ারত করবেন।
উল্লেখ্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান ছিলেন।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাসা থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে ব্যাংকক যান তিনি এবং পরে মালয়েশিয়ায় অবস্থান নেন। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।
মন্তব্য করুন