বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবেন, ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ বা কসাইদের হাতে দেশকে পড়তে দেবেন না।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মির্জা আব্বাস বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো অন্য দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমার ঠিকানা আছে ঢাকা ও শাহজাহানপুরে। যারা ঠিকানাবিহীন, তারা আমাদের প্রভাবিত করতে পারবে না। আমরা ধৈর্য ধরে রেখেছি, তবে সীমার মধ্যে।”
দেশের প্রয়োজনে রাজপথে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, “আমি এই দেশের একজন কর্মী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যা করা প্রয়োজন, সবকিছু করছি এবং করব ইনশাআল্লাহ। কোনো প্রতারক বা ধান্দাবাজের হাতে দেশ পড়তে দেব না।”
নতুন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতি শিখতে হবে, ধীরে ধীরে দেশকে উন্নত করতে হবে। আমরা চাই তোমরা লোভে ভুগো না; রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব, তবে অপকর্মের দায় তোমাদের নিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন