বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, শ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। শ্রমজীবী মানুষের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, গুলশান অঞ্চল আয়োজিত প্রয়াত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ফার্নিচার শিল্পের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ড. এম এ কাইয়ুম বলেন, ফার্নিচার শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শ্রমঘন শিল্প। এই খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে লক্ষাধিক শ্রমজীবী মানুষ জড়িত। কাঠমিস্ত্রি, কারিগর, ডিজাইনার থেকে শুরু করে বিপণনকর্মী—সবাইয়ের শ্রমের ওপর নির্ভর করেই এই শিল্প এগিয়ে যাচ্ছে। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ঋণসংকট, নীতিগত সহায়তার অভাব ও অব্যবস্থাপনার কারণে শিল্পটি তার প্রকৃত সম্ভাবনা অনুযায়ী বিকশিত হতে পারছে না।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এসব বিষয় নিশ্চিত করা গেলে ফার্নিচার শিল্পসহ দেশের অন্যান্য শ্রমনির্ভর খাত আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ফার্নিচার শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন