আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’ ১৩টি সংসদীয় আসনের জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ জরিপ প্রকাশ করা হয়।
সোচ্চার জানায়, এসব আসনে ‘রিভিল্ড ভোট’ বা প্রকাশিত মতামতের ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান তুলে ধরা হয়েছে। তবে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার এখনো সিদ্ধান্তহীন (আনডিসাইডেড) থাকায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনেক আসনেই এই অনিশ্চিত ভোটাররাই বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জরিপের অন্যান্য ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে, যেখানে জামায়াত ৩ শতাংশে এগিয়ে। কুমিল্লা-১০ আসনে জামায়াত ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।
ময়মনসিংহ-৯ ও ঢাকা-১ আসনে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে বলে জরিপে উঠে এসেছে। গাইবান্ধা-২ আসনে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে; সেখানে তারা ১৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।
ঢাকার অন্যান্য আসনগুলোর চিত্রেও ভিন্নতা দেখা গেছে। জরিপ অনুযায়ী, ঢাকা-১১ আসনে এনসিপি ৪ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৩ আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে, যেখানে বিএনপি প্রার্থী ২ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে। ঢাকা-১৫ আসনে জামায়াত ৯ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৭ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে; সেখানে বিএনপি ৩ শতাংশে এগিয়ে।
ঢাকার বাইরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত ২ দশমিক ৩ শতাংশ ভোটে এগিয়ে থেকে বিএনপির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। সিলেট-৬ আসনে বিএনপি মাত্র ০ দশমিক ৭ শতাংশ ভোটে জামায়াতের চেয়ে এগিয়ে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়।
সোচ্চার জানিয়েছে, এসব জরিপের ফলাফল কোনো চূড়ান্ত পূর্বাভাস নয়। বরং আনডিসাইডেড ভোটারদের সিদ্ধান্ত এবং শেষ সময়ের রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
মন্তব্য করুন