জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেই নতুন অভিযানে নেমে পড়েছেন মোহামেদ সালাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাকে স্কোয়াডে রেখেই ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার (২১ জানুয়ারি) মার্সেইয়ের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বহুল আলোচিত এই লড়াই।
আফ্রিকান নেশন্স কাপ খেলতে গত মাসে জাতীয় দলে যোগ দেওয়ার আগে সালাহ ও লিভারপুলের সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। বিবর্ণ পারফরম্যান্সের কারণে ডিসেম্বরের শুরুতে তিন ম্যাচের মধ্যে দুটিতে তাকে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয়, আর এক ম্যাচে নামেন বদলি হিসেবে। একপর্যায়ে হতাশ হয়ে কোচকে ইঙ্গিত করে নিজেকে ‘বলির পাঠা’ বানানোর অভিযোগ করেন সালাহ। এ ঘটনায় দল থেকে বাদ পড়ার শাস্তিও পেতে হয় তাকে।
ওই সময় সংবাদ সম্মেলনে সালাহকে নিয়ে বিরক্তি প্রকাশ করেন লিভারপুল কোচ আর্না স্লট। তবে পরবর্তীতে দুজনের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয় এবং জাতীয় দলে যোগ দেওয়ার আগে লিভারপুলের জার্সিতে নিজের শেষ ম্যাচে একটি অ্যাসিস্টও করেন সালাহ।
প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচের আগে কোচ স্লট জানিয়েছিলেন, তিনি সালাহকে দলে ফেরাতে মুখিয়ে আছেন। আফ্রিকান নেশন্স কাপে নিজে চারটি গোল করলেও সেমি-ফাইনালে হেরে বিদায় নিতে হয় সালাহর দলকে। তবে ক্লাবে ফেরার পর তাকে বেশ উৎফুল্ল দেখা গেছে; মঙ্গলবার দলের অনুশীলনেও হাসিখুশি মেজাজেই অংশ নেন তিনি।
ফলে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রাখার বিষয়ে কোচকে আলাদা করে ভাবতে হয়নি। তবে এই ম্যাচে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে নাও পেতে পারে লিভারপুল। মঙ্গলবার দুপুরের অনুশীলন সেশনে তাকে দেখা যায়নি। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত কারণে তিনি ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে লিভারপুল।
মন্তব্য করুন