ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিষয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমপিদের শপথ পড়াতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা জানান, এক্ষেত্রে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর তিন দিনের মধ্যে শপথ নিতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন।
এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে ড. আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসেবে বর্তমান প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন, যদি তিনি এতে সম্মত হন।
তিনি আরও জানান, কোনো কারণে যদি তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করানো সম্ভব না হয়, তাহলে পরবর্তী সময়ে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন।
মন্তব্য করুন