যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট দিয়ে নির্ধারিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়, ব্যালট পূরণ শেষে তা অবশ্যই ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট সেখানে পৌঁছানো বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলেও স্পষ্ট করা হয়।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। সময়মতো ভোট পাঠালে তাদের ভোট সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন