রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে জনসভার প্রবেশমুখে কথা হলে মোখলেছুর রহমান জানান, তার বয়স এখন ৬৩ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নেতার সভা-সমাবেশে অংশ নিলেও তারেক রহমানকে কাছ থেকে দেখা হয়নি কখনো। এবার অন্তত একবার তাকে দেখার আশায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়েছেন বলে জানান তিনি।
মোখলেছুর রহমান চট্টগ্রাম নগরীর প্রি-পোর্ট এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চট্টগ্রাম শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি থেকে দেশ বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
তারেক রহমানের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরে মোখলেছুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর ও আশপাশের এলাকার উন্নয়নে যেন বিশেষ নজর দেওয়া হয়। বিশেষ করে বন্দর ও পতেঙ্গা এলাকায় একটি সরকারি হাসপাতালের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকের সমাবেশে এসব বিষয় নিয়ে তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন তারা।
দলীয় সূত্র জানায়, রোববার সকালে তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন তিনি। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।
মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে—রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারা ও প্রার্থীরা অবস্থান করবেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি লালদীঘি ময়দানের জনসভায় বক্তব্য দেন।
মন্তব্য করুন