শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ দুপুর সোয়া ১২টা থেকে সারা দেশে সোনার নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।
বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার প্রভাবেই স্থানীয় বাজারে সোনার মূল্য আবার সমন্বয় করা হয়েছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে কেন পুনরায় দাম বাড়ানো হলো—এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আগের বৈঠকের সময় আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতির দিকে ছিল। সে অনুযায়ী রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। তবে এর কিছুক্ষণ পরই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে শুরু করে, যা নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, বাজুস শুধু সোনা বিক্রি করে না, কেনাবেচা—দুই দিকই দেখে। তাই ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়েই জরুরি বৈঠকে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকেই বড় কারণ হিসেবে দেখছেন সোনা ব্যবসায়ীরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, বিশ্ববাজারে সোনার দাম ততই বাড়ছে।
বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৪ হাজার ২০০ টাকা।
মন্তব্য করুন