এর আগে ১১ দলীয় জোট গঠনের ঘোষণা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না হওয়ায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলে সীমাবদ্ধ ছিল। তবে লেবার পার্টির অন্তর্ভুক্তির মাধ্যমে সেই ঘাটতি পূরণ হতে যাচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে গোটা জাতি দুই ধারায় বিভক্ত। একদিকে রয়েছে বাংলাদেশের নিবন্ধিত ১১টি রাজনৈতিক দল। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন—এখন তো ১০ দল। তবে তিনি আগাম ঘোষণা দিয়ে জানান, পরদিন আরও একটি দল যুক্ত হবে, যার মাধ্যমে তাদের জোট আবার ১১ দলীয় ঐক্যে পরিণত হবে।
যদিও বক্তৃতায় তিনি নির্দিষ্ট করে দলের নাম উল্লেখ করেননি, তবে দলীয় সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিই জামায়াতের জোটে যোগ দিচ্ছে।
উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে লেবার পার্টি তাদের মিত্র হিসেবে যুক্ত ছিল। কিন্তু আসন্ন নির্বাচনে প্রত্যাশিত সংখ্যক আসন না পাওয়ার আশঙ্কায় আগেই বিএনপির সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দেয় দলটি। এরপরই তারা নতুন করে জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেয়।
মন্তব্য করুন