ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে ক্রিকেট স্কটল্যান্ডের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র।
এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।
এদিকে বাংলাদেশ আদৌ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন সূত্র জানায়, আজ শনিবার দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ইউনুস বা আইসিসির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে কি না, সে তথ্য নিশ্চিত নয়।
সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের দিকেই এগোচ্ছে।
মন্তব্য করুন