বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ড পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে। কার্ডের মাধ্যমে প্রতি মাসে পরিবারগুলোকে নগদ ২ থেকে আড়াই হাজার টাকা সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেওয়া হবে।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
তারেক রহমান আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিক্ষা কার্যক্রম জোরদার করা হবে, যাতে তরুণ প্রজন্ম বহুমাত্রিক দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে।
তিনি জানান, দক্ষ জনশক্তি তৈরি করতে সরকারিভাবে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়ন করা হবে এবং যুবকদের বাস্তবমুখী প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল— ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’।
মতবিনিময় সভায় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্ন শোনেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, তরুণরাই দেশের মূল শক্তি। তাদের দক্ষ করে গড়ে তুললে বাংলাদেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
মতবিনিময় পর্ব শেষ হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দিতে রওনা হন।