গত শুক্রবার (২৩ জানুয়ারি) ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, “জাতিসংঘকে ঠিক করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন—যেখানে একমাত্র তিনিই মালিক।” তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যমে গোটা বিশ্ব শাসন করতে চান।
এর আগে, দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’ নামে একটি নতুন সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। এই সংস্থায় সদস্য হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এ উদ্যোগকেই জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী কাঠামো হিসেবে দেখছেন লুলা।
লুলা দ্য সিলভা বলেন, “এটা লক্ষ্য করার মতো বিষয় যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন তা নিয়ে আলোচনা করতে থাকে।” তার মতে, এ ধরনের একতরফা কূটনীতি বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলছে।
এদিকে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে লুলা দ্য সিলভাকে জাতিসংঘের মূল ভূমিকা ও কার্যকারিতা রক্ষায় কাজ করার আহ্বান জানান শি। বৈশ্বিক শান্তি ও বহুপাক্ষিক ব্যবস্থার গুরুত্ব নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে সরে যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকেও বেরিয়ে গেছে দেশটি।
এছাড়া ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় ট্রাম্প শুল্ক আরোপ ও সামরিক হুমকিকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এসব পদক্ষেপ এতটাই কঠোর যে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর মধ্যেও ওয়াশিংটনের ওপর আস্থার প্রশ্ন দেখা দিয়েছে।
এর মধ্যেই ট্রাম্পের বিতর্কিত ‘বোর্ড অব পিস’-এ কয়েকটি দেশ যোগ দিয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে—এ বিষয়টিও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
মন্তব্য করুন