বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নেবেন। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় ঠাকুরগাঁও থেকেই তারেক রহমানের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি।
দলীয় সূত্র জানায়, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে হেলিকপ্টারে করে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন। পরে তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিরামপুরে তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। সফরকালে সেখানে তিনি তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে সেই ভালোবাসার প্রমাণ মিলবে।
মন্তব্য করুন