রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান তার এই রূপরেখা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, দেশের বিশেষ করে শহরাঞ্চলের বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। প্রায় ২০ কোটি মানুষের এই দেশে সুস্থভাবে শ্বাস নেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হলে বায়ুদূষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লক্ষ্যেই পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
এত বিপুল সংখ্যক চারা কোথা থেকে আসবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গাছ মূলত বর্ষা মৌসুমে রোপণ করা হয় এবং দেশের প্রতিটি জেলা-উপজেলায় কমবেশি নার্সারি রয়েছে। একটি নার্সারি গড়ে ২০ থেকে ২৫ হাজার চারা উৎপাদনে সক্ষম। এসব নার্সারির উৎপাদন ক্ষমতা বাড়ানো গেলে সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই মতবিনিময় সভায় চট্টগ্রামের প্রায় ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন