মহাসমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি মাঠের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং জনদুর্ভোগ কমানোর বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনভোগান্তি এড়ানোর বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমাবেশটি শান্তিপূর্ণ ও সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
মহাসমাবেশকে কেন্দ্র করে বন্দরনগরীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারায় ক্ষমতা প্রয়োগ করে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রবিরোধী কোনো প্ল্যাকার্ড বা বস্তু প্রদর্শনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে নগরী ও আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, এই মহাসমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি হবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে।
মন্তব্য করুন