অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর এই ইয়ুথ ফোর্স দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে তরুণদের কাছ থেকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে তাদের ভাবনা ও পরামর্শ শোনার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনার এক পর্যায়ে প্রশ্ন করতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। তখন তারেক রহমান হাস্যরসের ছলে বলেন, প্রশ্ন করার সময় তাকে ‘ভাইয়া’ বলে ডাকলেই ভালো লাগবে। বয়সের কারণে কেউ চাইলে ‘আঙ্কেল’ও বলতে পারে, তবে সেটি খুব পছন্দ নয় বলেও মন্তব্য করেন তিনি। পরে ওই শিক্ষার্থী ‘ভাইয়া’ সম্বোধন করেই তার প্রশ্ন শুরু করেন।
ওই শিক্ষার্থী জানান, মহামারির সময় তারা মাশরুমের ব্যবসা শুরু করলেও পুঁজির অভাবে তা ধরে রাখতে পারেননি। জামানতের জটিলতার কারণে তরুণ উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেতে সমস্যায় পড়েন—এ বিষয়টি তুলে ধরে বিএনপি ক্ষমতায় এলে উদ্যোক্তাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানতে চান তিনি। জবাবে তারেক রহমান বলেন, দেশে ব্যাংক ঋণ ব্যবস্থায় নানা জটিলতা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট লোন’ চালুর বিষয়েও ভাবনা আছে বলে জানান তিনি।
এরপর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তার স্বাস্থ্যের খোঁজ নিলে তারেক রহমান জানান, তার সামান্য জ্বর রয়েছে। পরে ওই শিক্ষার্থী জলাবদ্ধতা, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার সমন্বয় এবং দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির পরিকল্পনা জানতে চান। উত্তরে তারেক রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোর জলাবদ্ধতা দূর করতে খাল খননের বিকল্প নেই। সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের অন্তত ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান এদিন নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ভোর থেকেই মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে।
চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে পর্যায়ক্রমে একাধিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।
মন্তব্য করুন