হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, মুসলমানদের জন্য জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’। বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বোখারি শরীফ খতম উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে সমর্থনের কথাও বলেন।
অনুষ্ঠানে দেওয়া মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদের বলবেন, তাদের ভোট দেওয়া হারাম; জায়েজ হবে না।”
বক্তব্যের একপর্যায়ে কাছাকাছি বসা বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে হেফাজতের আমির বলেন, “আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জিহাদ করছি। কার সঙ্গে? মওদুদির জামায়াতের সঙ্গে।”
তিনি আরও বলেন, “আমি ইলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে।”
মুহিবুল্লাহ বাবুনগরী এর আগেও একাধিকবার প্রকাশ্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন। বিভিন্ন সময়ে দলটিকে ‘ভণ্ড’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদরাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ কওমি মাদরাসাভিত্তিক সংগঠনের জ্যেষ্ঠ আলেমরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন