আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার এ. কে. এম. আতিকুর রহমান এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক মো. নুরে আলম মাহাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় যমুনা ব্যাংক এমআরএ-এর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে। পাশাপাশি এমআরএ প্রাঙ্গণে একটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপন করা হবে। এর ফলে বেতন প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে এবং কর্মকর্তা-কর্মচারীরা উন্নত ও আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন।
যমুনা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ উদ্যোগ ব্যাংকের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আর্থিক সেবায় দক্ষতা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন