নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো চেষ্টা হলে ফ্যাসিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “এত দিন যা করেছেন করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি এই কমিশনের জন্য অপেক্ষা করছে।”
তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সব সহ্য করে এসেছি। কিন্তু নির্বাচনের দ্বারপ্রান্তে এসে যদি ভোট কারচুপি, মিডিয়া ব্ল্যাকআউট কিংবা মানুষের তথ্য অধিকার রোধে কোনো আইন করা হয়, তাহলে সেই আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েও নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। এই বিধান ইসি কোথা থেকে বের করেছে, আমরা জানি না। কার পরিকল্পনার আলোকে কমিশন কাজ করছে, তা এখন জনগণের সামনে পরিষ্কার।”
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিধি আজ সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করা হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং নির্বাচন সংশ্লিষ্ট নানা ইস্যুতে বক্তব্য দেন।
মন্তব্য করুন