রাত পোহালেই শুরু হচ্ছে প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমন গুরুত্বপূর্ণ সময়ের ঠিক আগের রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। স্ট্যাটাসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নিজের রাজনৈতিক অঙ্গীকার ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
স্ট্যাটাসে নয়ন বলেন, দলের নির্দেশনা অনুযায়ী মাগুরা–২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি এটিকে অত্যন্ত কঠিন দায়িত্ব হিসেবে উল্লেখ করে জানান, অতীতের মতো এবারও তিনি পরীক্ষার মুখোমুখি হচ্ছেন এবং সফল হবেন বলে আশাবাদী। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রার্থী জয়ী হলে সেটিকে ব্যক্তি বা প্রার্থীর নয়, বরং বিএনপির শীর্ষ নেতৃত্ব ও আদর্শের প্রতি জনগণের সমর্থন হিসেবেই দেখবেন।
নয়নের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে।
মন্তব্য করুন