বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে তার কোনো আপত্তি নেই। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারেক রহমান।
এর আগে গুলশান মডেল স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং পরে গুলশানে তাঁর কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারেক রহমান বলেন, “এ দেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটার উপস্থিতি যত বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।”
সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এসব ঘটনা ভালো নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, ফল গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। জনগণ দ্রুত ফলাফল প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি আশা করেন।
এ সময় ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।
মন্তব্য করুন