প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
প্রেস সচিব বলেন, সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ড. মুহাম্মদ ইউনূস এই নির্দেশনা দেন। সভাটি ছিল নিকারের ১১৯তম সভা এবং এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও জানান, ওই সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, সভায় ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্রিত করে নতুনভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মন্তব্য করুন