শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকারও করেন তিনি।
এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতিও কড়া সতর্কবার্তা দেন এই বিএনপি প্রার্থী। তিনি বলেন, কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিএনপির রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। এ ধরনের ব্যক্তিদের দলে জায়গা দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
আমিনুল হক আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন সাবেক এই ফুটবলার।
মন্তব্য করুন