শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধের কথা মানুষের এখনও মনে আছে। এই দেশের মানুষ নিজেরাই অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা এনেছে। কেউ বাইরে থেকে এসে আমাদের স্বাধীন করে দেয়নি। আমরা দেশ ছেড়ে পালাইনি, দেশের মাটিতেই থেকেছি।
মির্জা ফখরুল আরও বলেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছে। জনগণই বিচার করবে, তারা তখন স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।
নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে নারীরা সরাসরি সুবিধা পাবেন।
তিনি বলেন, কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে সহজ ও কম খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
আসন্ন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, নির্বাচিত হলে সংসদে জনগণের পক্ষে কথা বলবেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
মন্তব্য করুন