শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া থিম সংটির উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, রাজপথের আন্দোলন থেকেই তাদের রাজনৈতিক যাত্রা শুরু, তাই তারা চেয়েছেন থিম সংটি এমন জায়গায় উন্মোচন করতে, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত থাকে।
তিনি আরও বলেন, ফাইভ স্টার হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান না করে জনগণের মাঝেই এই আয়োজন করার উদ্দেশ্য ছিল দলটির আদর্শ ও দর্শনকে সরাসরি মানুষের কাছে তুলে ধরা। গণভোটের থিম সং যেভাবে জনসাধারণের সঙ্গে সংযুক্ত ছিল, এনসিপির এই থিম সংও সেভাবেই মানুষের আবেগ ও অংশগ্রহণের প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এই থিম সংয়ের মাধ্যমে দলের রাজনৈতিক ভাবনা, নির্বাচনী অঙ্গীকার এবং প্রতীক ‘শাপলা কলি’কে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত করে তোলা হবে। অনুষ্ঠানটিতে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন