সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ থেকে পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে।
সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার খবরের জন্য তারা অপেক্ষা করছিলেন। পরবর্তীতে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়ার পর দরবারে তারাবির নামাজ আদায় ও রোজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
একইভাবে মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ-এর অনুসারীরাও তারাবির নামাজ আদায় ও সেহরি গ্রহণের মাধ্যমে রোজা শুরু করেছেন। পীর ইমামুল আরেফিন ড. মওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলার হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারাও আজ প্রথম রোজা পালন করছেন।
ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী আরও বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক ছিলেন সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের প্রথা চালু রয়েছে।
ভিডিও স্টোরি
ফটো স্টোরি