পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি চুন কারখানা গুঁড়িয়ে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (২১ জানুয়ারি) উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, চুন কারখানাটি অবৈধভাবে বিজিডিসিএলের আট ইঞ্চি বিতরণ পাইপলাইনে ছিদ্র করে গ্যাস সংযোগ গ্রহণ করেছিল। গত ১৫ ডিসেম্বর প্রথম দফায় ওই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সে সময় চারজনকে আটক করা হয় এবং মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল।
তিনি আরও জানান, এরপরও কারখানা কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে। এতে গত ৩০ ডিসেম্বর দ্বিতীয় দফায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সর্বশেষ বুধবারের অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে কারখানার বাউন্ডারি দেয়াল ও তিনটি সনাতনী ফার্নেস সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানের সময় বিজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, মো. সেলিম খান, মো. আরিফুজ্জামান হামিদী, উপ-ব্যবস্থাপক মো. আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন