বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন। পরে মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন।
জিয়ারত শেষে তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন। এরপর হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট বিমানবন্দর ও মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মন্তব্য করুন