বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে সুযোগ পাচ্ছে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। পরে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে তাদের শেষ ম্যাচ।
ক্রিকবাজ জানায়, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।
এদিকে শনিবার (২৪ জানুয়ারি) ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানিয়েছে যে, তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। গত শুক্রবার দুবাইয়ে আইসিসির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ-সংক্রান্ত ভবিষ্যৎ চূড়ান্ত করেন।
এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন জানায়। তবে ওই কমিটি বাংলাদেশের আবেদন খারিজ করে দেয়। ফলে আইসিসির সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকে।
মন্তব্য করুন