স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন স্পাইনাল কর্ডের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে আদালতের কাছে অনুমতি চাইলেও তা পাননি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার করা আবেদন নামঞ্জুর করেন।
এর আগে মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। এদিন তার পক্ষে আইনজীবী মো. রায়হান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলাটিতে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে তিনি কোনো ধরনের আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে। এ অবস্থায় তার জাতীয় পরিচয়পত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিদেশ গমনের অনুমতি দেওয়া একান্ত প্রয়োজন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন এবং তার স্পাইনাল কর্ডে আঘাত লাগে, যার ফলে সেখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে। এ কারণে তার চিকিৎসার স্বার্থে বিদেশ গমনের অনুমতি জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
মন্তব্য করুন